গড়ে তোলা হচ্ছে কৃষি প্রযুক্তি নির্ভর ডিজিটাল ভিলেজ : পলক

১১ সেপ্টেম্বর, ২০২১ ১৬:০০  
করোনাতেও বাংলাদেশকে বিশ্বে স্বয়ংসম্পূর্ণ ডিজিটাল বাংলাদেশ হিসেবে পরিচিয় করিয়ে দেয়া সম্ভব হয়েছে বলে স্বস্তি প্রকাশ করেছেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তিনি জানিয়েছেন, চাষাবাদে প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে দেশকে এখন কৃষি প্রযুক্তি নির্ভর ডিজিটাল ভিলেজ গড়ে তোলা হচ্ছে। এজন্য কৃষকদের আর্থিক অনুদান দেয়া হচ্ছে। রবিবার নাটোরের সিংড়া উপজেলা চলনবিল হলরুমে অনুষ্ঠিত কৃষি প্রণোদনা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ তথ্য জানান তিনি। অনুষ্ঠানে ২০২১-২০২২ অর্থবছরে কৃষি প্রনোদনার আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে গৃষ্মকালীন পেঁয়াজ, নাবী পাট বিজ ও সার বিতরণ করেন প্রতিমন্ত্রী। এছাড়াও ব্যক্তিগত তহবিল থেকে ৪০ জন ব্যক্তি ও ৫টি প্রতিষ্ঠানকে দু লক্ষ টাকার চেক প্রদান করেন। অনুষ্ঠানে সাড়ে ৩ কোটি কৃষি শ্রমিক ও তাদের পরিবারকে ধন্যবাদ জানিয়ে পলক বলেছেন, বঙ্গবন্ধুর নির্দেশনা অক্ষরে অক্ষেরে পালন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে খাদ্যে স্বয়ং সম্পূর্ণ করেছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম সামিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সেলিম রেজা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ওহিদুর রহমান শেখ, চৌগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান জাহেদুল ইসলাম ভোলা, তাজপুর ইউনিয়নের চেয়ারম্যান মিনহাজ উদ্দিন ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কামরুল হাসান কামরান সহ স্থানীয় নেতারা।